জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। রোববার ঢাকার ২০তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাজহারুল ইসলাম এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মাজেদুল ইসলাম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
বেঞ্চ সহকারী মাজেদুল ইসলাম জানান, রোববার মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এবং একই সাথে কারাবন্দী তিন আসামির জামিনের আবেদন নাকচ করেন। জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন নিহত জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯), বর্ষার প্রেমিক মাহির রহমান (১৯) এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান (২১)।
মামলার নথি ও পুলিশের দেওয়া অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ হোসেন গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলার ১৫ নম্বর নূরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের একটি বাসায় ছাত্রীকে পড়াতে গিয়ে খুন হন। হত্যাকাণ্ডের পরদিন তাঁর বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রায় ৯ মাস তদন্ত পরিচালনার পর গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন।
তদন্তে উঠে এসেছে, এটি তাৎক্ষণিক কোনো আক্রমণ ছিল না; বরং প্রায় এক মাস ধরে পরিকল্পনা, নজরদারি, ঘটনাস্থল পর্যবেক্ষণ বা রেকি করার পর সুযোগ বুঝে হত্যাকাণ্ডটি ঘটানো হয়। মূলত প্রেমের সম্পর্কের জটিলতা ও অন্তরঙ্গ ছবি-ভিডিও ছড়িয়ে পড়ার ভীতি থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্ত কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, মাহির রহমান ছিলেন মূল আক্রমণকারী, বর্ষা ছিলেন পুরো ঘটনার পরিকল্পনাকারী এবং আয়লান ছিলেন সহযোগী। মামলায় অভিযুক্ত এই তিন আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।

Md Abu Sayed
