ভারতের রাজধানী দিল্লিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়ন বন্ধ এবং আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি প্রকাশ করে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে বাংলাদেশ যুব ফ্রন্ট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। সভাপতির বক্তব্যে রাশেদ শাহরিয়ার মন্তব্য করেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে দমননীতি প্রয়োগের মাধ্যমে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের দাবির পেছনের আসল স্বরূপ উন্মোচিত হয়েছে। একই সঙ্গে এটি বর্তমান বিশ্ব ও রাষ্ট্রব্যবস্থার গভীর সংকটকে সামনে নিয়ে এসেছে। তিনি অভিমত ব্যক্ত করেন, বিদ্যমান ব্যবস্থার বিপরীতে বিপ্লবী গণ-আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই কেবল জনগণের মুক্তি ও বিজয় সম্ভব। আন্দোলনকারীদের ন্যায্য দাবিদাওয়া মেনে নিতে এবং গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দিতে তিনি ভারত সরকারের প্রতি দাবি জানান। পাশাপাশি লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি ভারতের সাধারণ জনগণ ও ছাত্রসমাজের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঢাকা নগর সভাপতি নওশিন মুসতারি সাথী, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর সহসভাপতি পঙ্কজনাথ সূর্য এবং বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম। আলোচনা সভা সমাপ্তির পর শাহবাগ মোড় থেকে একটি মশালমিছিল বের করা হয়।

Md Abu Sayed
