রাজশাহী মহানগরের কেদুর মোড় এলাকার একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ‘বেলী ভিলা’ নামের দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, সুরতহালে নিহতের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে এবং একটি মামলা দায়ের করা হবে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার গৃহকর্মীসহ তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মৃত ফখরুদ্দীনের মৃত্যুর পর থেকে বেলী রানী ওই ভবনের দোতলায় একাই থাকতেন এবং নিচতলায় ভাড়াটেরা বসবাস করেন। তাঁর চার সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে প্রবাসে থাকেন এবং অন্য ছেলে ঢাকায় থাকেন। ভবনের ভাড়াটে মো. মারুফ জানান, গত শুক্রবার তাঁকে শেষবার দেখা যায়। এরপর থেকে ঘরটি তালাবদ্ধ থাকায় সবাই ভেবেছিলেন তিনি কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন। তবে টানা দুই-তিন দিন তাঁকে দেখতে না পেয়ে এবং রোববার কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।