শিক্ষাজীবনের নানা চাপ, ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা এবং পরিবার ও সমাজের প্রত্যাশার কারণে শিক্ষার্থীদের ওপর যে মানসিক প্রভাব পড়ে, তা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশিত হয়েছে পথনাটক ‘অল ইজ ওয়েল’। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। রোববার বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে নাটকটি মঞ্চায়ন করা হয়। মানসিক বিপর্যয় মোকাবিলায় পেশাদারি সহযোগিতাকে স্বাভাবিক রূপ দেওয়া এবং সহপাঠী, বন্ধু ও পরিজনদের মাঝে বিচারহীন, নিরাপদ ও সহমর্মিতাপূর্ণ আবহ সৃষ্টির তাগিদ থেকেই এটি পরিবেশন করা হয় বলে জানান উদ্যোক্তারা।
নাটকের নির্দেশক মুবাশ্বির মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের এই নাটকের মাধ্যমে আমরা সমাজের মানসিক স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা ও অসংবেদনশীলতাকে প্রশ্ন করতে চেয়েছি। মানসিক সংকটে থাকা মানুষকে বিচ্ছিন্ন না করে, বরং তাঁদের বোঝা, পাশে থাকা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের নাটকের মূল বার্তা।’
অন্যদিকে, দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে টিএসসির পায়রা চত্বরে দিনব্যাপী একটি মানসিক স্বাস্থ্য প্রদর্শনীর যৌথ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর। প্রদর্শনী উপলক্ষে হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।